"ট্রাম্পের শুল্ক নীতির কারণে শেয়ার বাজারে ধস, তবে তিনি এখনও 'সমৃদ্ধির স্বপ্ন' দেখছেন"
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণা করার পর মার্কিন শেয়ার বাজারে ব্যাপক ধস দেখা দিয়েছে। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল সূচক এক হাজার ৬০০ পয়েন্টেরও বেশি কমে গেছে। তবে এই ধসের মধ্যেও ট্রাম্প দাবি করেছেন, তার নেওয়া এই পদক্ষেপের মাধ্যমে দেশীয় বাজার সমৃদ্ধ হবে এবং শেয়ার বাজার আবারও উর্ধ্বমুখী হবে। তিনি হোয়াইট হাউস থেকে ফ্লোরিডায় নিজের গলফ ক্লাবে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন।
বুধবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক অনুষ্ঠানে ট্রাম্প বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১০ থেকে ৪৯ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। তিনি এই দিনটিকে ‘মুক্তি দিবস’ হিসেবে অভিহিত করেন। এর প্রভাবে পরের দিন, বৃহস্পতিবার শেয়ার বাজারে বড় ধরনের পতন ঘটে।
ট্রাম্পের এই নতুন শুল্ক নীতি অনুযায়ী, চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৩৪ শতাংশ, ভারত থেকে আসা পণ্যের ওপর ২৬ শতাংশ, ভিয়েতনাম থেকে আসা পণ্যের ওপর ৪৬ শতাংশ, ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা পণ্যের ওপর ২০ শতাংশ, যুক্তরাজ্য থেকে আসা পণ্যের ওপর ১০ শতাংশ, কম্বোডিয়া থেকে আসা পণ্যের ওপর ৪৯ শতাংশ এবং দক্ষিণ কোরিয়া থেকে আসা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
শেয়ার বাজারের এই পতনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একটি অসুস্থ রোগীর সাথে তুলনা করে বলেন, “আমি মনে করি এটা খুব ভালোভাবে চলছে। এটা এক ধরনের অপারেশনের মতো। বড় কোনো অপারেশনের পর যেমন অবস্থা হয়, এটাও তেমন। আমি আগেই বলেছিলাম, এমনই হবে।”
ট্রাম্প আরও দাবি করেছেন, শুল্ক এড়াতে অনেক কোম্পানি এখন যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াতে শুরু করবে, যা ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ আনবে। তিনি বলেন, শুল্ককে অন্য দেশগুলোর সঙ্গে আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
ট্রাম্পের মতে, অন্যান্য দেশগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সুবিধা নিয়ে এসেছে, এবং এখন তিনি এই সুবিধাগুলি বন্ধ করতে চান।

Post a Comment