৩২ লাখ টাকায় জামায়াতের জন্য ৪টি বিশেষ ট্রেন, রেলওয়ের ব্যাখ্যা: ‘এটি বাণিজ্যিক সিদ্ধান্ত’

 

শনিবার ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশ উপলক্ষে চারটি বিশেষ ট্রেন ভাড়া দিয়েছে বাংলাদেশ রেলওয়ে, যার বিনিময়ে সংগঠনটি ৩২ লাখ টাকা আগাম পরিশোধ করেছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হলে রেলপথ মন্ত্রণালয় একে ‘সম্পূর্ণ বাণিজ্যিক সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছে এবং জানিয়েছে, এর সঙ্গে কোনো রাজনৈতিক পক্ষপাত নেই।

ছবি - সংগৃহীত

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অতীতেও বিভিন্ন রাজনৈতিক দলের বড় কর্মসূচির জন্য বিশেষ ট্রেন দেওয়া হয়েছে, যা তাদের নিয়মিত কর্মকাণ্ডেরই একটি অংশ। উদাহরণস্বরূপ, ২০২৩ সালের জানুয়ারিতে আওয়ামী লীগের রাজশাহী ও যশোরের সমাবেশের জন্য আটটি ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছিল।

শুক্রবার সন্ধ্যায় রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ ট্রেন ভাড়া দেওয়ার ফলে রেলওয়ের রাজস্ব বাড়ে এবং পাশাপাশি নিয়মিত ট্রেনের অতিরিক্ত ভিড়, টিকিটবিহীন যাত্রী এবং বিশৃঙ্খলা কমে আসে। এতে সাধারণ যাত্রীরাও উপকৃত হন।

এই বিশেষ ট্রেনগুলো রাজশাহী, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এবং চট্টগ্রাম থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় জামায়াতের সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। জামায়াত পুরো ট্রেন রিজার্ভ করায় নির্ধারিত ভাড়ার চেয়ে ৩০ শতাংশ অতিরিক্ত পরিশোধ করেছে, যার মধ্যে সার্ভিস চার্জ ও ইঞ্জিন ব্যবহারের খরচ অন্তর্ভুক্ত।

রেলওয়ে জানিয়েছে, যাত্রীসাধারণের সুবিধার কথা বিবেচনা করে এমন ট্রেনগুলোই এই বিশেষ যাত্রার জন্য নির্বাচন করা হয়েছে, যেগুলোর শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। ফলে নিয়মিত যাত্রী চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs