বাংলাদেশের আকাশে বিএসএফের ৫ ড্রোন, সীমান্তে উদ্বেগ ও আতঙ্ক

 বাংলাদেশের আকাশে বিএসএফের ৫ ড্রোন, সীমান্তে উদ্বেগ ও আতঙ্ক



কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী ও বারবান্দা সীমান্তে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে একযোগে পাঁচটি ড্রোন উড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৩০ মে) রাত ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভারতের কাকদোড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে ড্রোনগুলো উড়িয়ে বাংলাদেশের অন্তত এক কিলোমিটার ভেতরে প্রবেশ করে। বড়াইবাড়ী ও বারবান্দা গ্রামের আকাশে ঘোরাঘুরি করার পাশাপাশি এগুলো বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের উপর দিয়েও উড়তে দেখা যায়।

রৌমারী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া বলেন, “রাত সাড়ে ৮টার দিকে কয়েকটি ড্রোন আমাদের গ্রামের ওপর দিয়ে উড়তে দেখি। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।”

তিনি আরও জানান, “২৭ মে ১৪ জন ভারতীয় নাগরিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করার অভিযোগ ওঠে। ওই ঘটনার পর থেকেই বিএসএফ নজরদারি বাড়িয়েছে। একের পর এক ড্রোন উড়ানোয় স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছে।”

স্থানীয়রা জানান, এর আগে ২৭ মে সাহেবের আলগা সীমান্তেও তিনটি ড্রোন উড়তে দেখা গিয়েছিল। মাত্র তিনদিনের ব্যবধানে এবার পাঁচটি ড্রোনের একযোগে উড্ডয়ন সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, “আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের শামিল। আমরা তাদের কাছে ব্যাখ্যা চেয়েছি।”

সীমান্তে এমন নজরদারিমূলক তৎপরতা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs