দুই সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার এবং হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার সোবহানবাগ ও ফার্মগেট এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেছেন যে, সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার একাধিক মামলার আসামি। তার অবস্থান শনাক্তের পর ডিবি পুলিশের একটি দল সোবহানবাগ থেকে তাকে গ্রেপ্তার করে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেননি তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় বিভিন্ন থানায় দায়ের করা হত্যাসহ একাধিক মামলায় অভিযুক্ত। দীপঙ্কর তালুকদার প্রথমবার ১৯৯১ সালে রাঙামাটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ১৯৯৬, ২০০৮, ২০১৮ ও ২০২৪ সালে একই আসন থেকে নির্বাচিত হন এবং নবম জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক জানিয়েছেন, সোমবার রাতে ফার্মগেট এলাকা থেকে হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলা রয়েছে। আপাতত হবিগঞ্জের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আব্দুল মজিদ খান ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া, তিনি দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Post a Comment