প্রধান উপদেষ্টা দুবাই সফর শেষে দেশে ফিরেছেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট (ডব্লিউজিএস)-এ যোগদান শেষে দেশে ফিরেছেন। তিনি ও তার সফরসঙ্গীরা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমাদ বেলহৌল আল ফালাসি।
ডব্লিউজিএস ছাড়াও, ড. ইউনূস সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীসহ একাধিক মন্ত্রীর সাথে বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ, ক্রীড়া ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি ইত্যাদি বিষয় আলোচনা হয়।
ড. ইউনূস আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আরও বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানান। এছাড়া, আমিরাতি কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থাপনের জন্যও আমন্ত্রণ জানান।
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের প্রস্তাব দিলে, ড. ইউনূস নীতিগত সম্মতি প্রদান করেন। বাংলাদেশকে হালাল পণ্য উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনাও আলোচনা হয়। আমিরাতের বাণিজ্যমন্ত্রী আগামী মাসে একটি বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফর করবেন বলে জানান।
ড. ইউনূস দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের সাথে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং ডব্লিউজিএস-এ একটি সেশনে বক্তব্য রাখেন।
.jpg)
Post a Comment