বিশ্ব সম্রাট হওয়ার চেষ্টা করছেন ট্রাম্প
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তার মার্কিন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, তিনি বিশ্বের গণতন্ত্রের জন্য ক্ষতিকর এবং বিশ্ব সম্রাট হওয়ার চেষ্টা করছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) একটি স্থানীয় রেডিও স্টেশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
লুলা বলেন, "আমি আন্তরিকভাবে চাই প্রেসিডেন্ট ট্রাম্প মনে রাখুন যে প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান করা উচিত। এর মানে হল গণতন্ত্রকে শক্তিশালী করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে গণতন্ত্রই সবচেয়ে সেরা শাসনের মডেল হিসেবে দাঁড়িয়ে আছে। যদি আমরা এটি বজায় রাখি, তাহলে সকলেরই উপকার হবে। কিন্তু এখন তার কর্মকাণ্ডে মনে হচ্ছে, তিনি বিশ্বের একজন সম্রাট হওয়ার চেষ্টা করছেন।"
এছাড়া ট্রাম্পের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগও প্রকাশ করেছেন লুলা। তিনি বলেন, "তিনি চরম ডানপন্থীদের প্রচলিত কৌশল ব্যবহার করছেন। প্রতিদিন, প্রতি ঘণ্টায় তিনি এমন বক্তৃতা দিচ্ছেন যার পরিণতি সম্পর্কে কোন ধারণা নেই।"
লুলা আরও বলেন, "যে তথ্য আমি রেডিও, সংবাদপত্র এবং ইন্টারনেটে দেখেছি, তাতে ট্রাম্পের অসংলগ্ন কথাবার্তা স্পষ্ট। তিনি কানাডা দখল করতে চান, দেশটির প্রধানমন্ত্রীকে গভর্নর হিসেবে পরিগণিত করেছেন, গ্রিনল্যান্ড এবং পানামা খাল দখল করতে চান, এবং মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকান উপসাগর রাখতে চান। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, বিশ্ব প্রেসিডেন্ট নয়।"
ব্রাজিলের প্রেসিডেন্ট জানিয়েছেন, এখন পর্যন্ত ট্রাম্পের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। তবে ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন।

Post a Comment