ভারতে সফর বাতিলে দৃঢ় অবস্থানে বাংলাদেশ


 
আরও দেখুন

টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কর্মকর্তাদের একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই মুলতবি করা হয়েছে। ভারত সফরে না যাওয়ার অবস্থানে এখনো অনড় রয়েছে বাংলাদেশ। অন্যদিকে, টুর্নামেন্টের সূচি ঘোষণা হয়ে যাওয়ায় বিসিবিকে অবস্থান পরিবর্তনের অনুরোধ জানিয়েছে আইসিসি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিসিবির পক্ষে অংশ নেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

আইসিসির সঙ্গে আলোচনায় বিসিবি ভারতে ভ্রমণ নিয়ে বিদ্যমান নিরাপত্তা শঙ্কার কথা পুনরায় তুলে ধরে এবং তাদের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানায়। জবাবে আইসিসি জানায়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে চূড়ান্ত ও প্রকাশিত হওয়ায় বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হচ্ছে। তবে এসব অনুরোধ সত্ত্বেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বিসিবি।

এর আগে, রোববার (১২ জানুয়ারি) আইসিসির নিরাপত্তা বিভাগ বিসিবিকে একটি চিঠি পাঠায়, যেখানে ভারতে খেলতে গেলে বাংলাদেশ দলের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়। পরবর্তীতে বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি জানান, আইসিসির নিরাপত্তা বিভাগের চিঠিতে তিনটি কারণ উল্লেখ করে বলা হয়েছে—যার ফলে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। এর মধ্যে রয়েছে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা, বাংলাদেশের সমর্থকদের জাতীয় জার্সি পরে প্রকাশ্যে চলাফেরা এবং দেশে জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসবে, তত দলের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা।

ক্রীড়া উপদেষ্টার মতে, আইসিসির নিরাপত্তা দলের এই মূল্যায়ন স্পষ্টভাবে প্রমাণ করে যে, বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুকূল পরিবেশ নেই।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs