৫০ লাখ ডলারে ‘গোল্ড কার্ড’

 

৫০ লাখ ডলারে ‘গোল্ড কার্ড’



মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নতুন ‘গোল্ড কার্ড’ আবাসিক অনুমতিপত্র বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছেন। প্রতিটি কার্ডের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ মার্কিন ডলার, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ করে দেবে। এমনকি রুশ ধনকুবেররাও এই কার্ড কিনতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। আপনাদের গ্রিন কার্ড আছে, কিন্তু এটি হলো গোল্ড কার্ড, যার মূল্য হবে প্রায় ৫০ লাখ ডলার।’

ট্রাম্পের মতে, ঐতিহ্যবাহী গ্রিন কার্ডের এই উচ্চমূল্যের সংস্করণ বিক্রির মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মার্কিন জাতীয় ঋণ হ্রাস করা সম্ভব হবে। দ্বিতীয় মেয়াদে তিনি অবৈধ অভিবাসীদের বহিষ্কারের ওপর গুরুত্ব দিচ্ছেন, তবে এই নতুন কার্ড মার্কিন নাগরিকত্বের জন্য একটি সহজ বিকল্প হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘অনেক মানুষ যুক্তরাষ্ট্রে আসতে চাইবে, তারা এখানে কাজ করতে পারবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং নতুন কোম্পানি গড়ে তুলবে। এরা হবে ধনী ব্যক্তিরা।’

প্রায় দুই সপ্তাহের মধ্যে এই কার্ড বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা হয়তো এক মিলিয়ন কার্ড বিক্রি করতে পারব। আইনগত দিক থেকে আমাদের সবকিছু প্রস্তুত রয়েছে।’

তবে ধনী রুশ নাগরিকরাও কি এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হতে পারে। আমি কিছু রুশ ধনকুবেরকে চিনি, যারা খুব ভালো মানুষ। আমি মনে করি তারা ৫০ লাখ ডলার দিতে পারবে।’

তিন বছর আগে ইউক্রেন আক্রমণের পর থেকে বেশ কয়েকজন রুশ ধনকুবের পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়েছে। ট্রাম্প সম্প্রতি ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করে ইউরোপীয় রাজধানীগুলোতে আলোড়ন সৃষ্টি করেছেন।

তিনি আরও বলেন, রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ‘কোনো এক সময়ে’ সম্ভব, তবে বর্তমানে তা বিবেচনাধীন নয়।

ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন, ‘আমরা এই অর্থ আমাদের বাজেট ঘাটতি কমাতে ব্যবহার করতে পারি।’

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs