জাতীয় বিপ্লবী পরিষদ ট্রাম্পের গাজার আগ্রাসন প্রতিহত করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে।
শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত “ফিলিস্তিনকে ভুলে যাবে না বাংলাদেশ” শীর্ষক বিক্ষোভ সমাবেশে ফিলিস্তিনের পক্ষে সক্রিয় সমর্থনের আহ্বান জানানো হয়।
জুমার নামাজের পর জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মী ও মুসল্লিরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘বিশ্ববাসী এক হও, গাজা আগ্রাসন রুখে দাও’ ইত্যাদি স্লোগান দেন।
জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান বলেন, দেড় বছর ধরে গণহত্যার শিকার গাজার বাসিন্দাদের উচ্ছেদের ঘোষণা ইতিহাসের এক জঘন্যতম অপরাধ। শুধুমাত্র মুখে প্রতিবাদ জানালেই হবে না, বরং সর্বাত্মকভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে। তিনি মুসলিম দেশগুলোকে এ আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সংগঠনের সাংগঠনিক প্রধান শফিউর রহমান জানান, ফিলিস্তিন ইস্যুকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক রাখতে জাতীয় বিপ্লবী পরিষদ প্রতি শুক্রবার জুমার নামাজের পর কর্মসূচি পালন করবে। আগামী সপ্তাহেও একই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আবদুস সালাম ও ডা. মাসুম বিল্লাহ, সদস্য তোফায়েল হোসেন, মামুনুর রশীদ ও মেহেদী হাসান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, কেন্দ্রীয় সদস্য আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধি ইশতিয়াক আহমেদ ইফাত ও শিহাব উল হক প্রমুখ।

Post a Comment