শেখ হাসিনার বক্তৃতা নিয়ে ক্ষোভ, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ৩২ নম্বরের বাড়ি
বিক্ষোভকারীদের হামলায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবন ভাঙচুর
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে বিক্ষোভকারীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। সোমবার রাত সাড়ে এগারোটার দিকে তারা একটি বুলডোজার ব্যবহার করে ভবনটি ভাঙার চেষ্টা করে।
পুলিশ বাধা দেওয়ায় বিক্ষোভকারীরা আরও একটি বুলডোজার আনার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এর আগে রাত আটটার দিকে তারা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুর শুরু করে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনলাইন বক্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভ সংগঠিত হয়। বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার মিছিলের ঘোষণা দিয়েছিল। প্রথমে রাত নয়টায় ভবনটি ভাঙার হুমকি দেওয়া হলেও তারা আগেই সেখানে উপস্থিত হয় এবং রাত আটটার দিকেই হামলা চালায়।
বিক্ষোভকারীরা মিছিলসহ ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে প্রধান ফটক ভেঙে ভবনের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। তাদের দাবি, এই বাড়িটি স্বৈরাচার ও ফ্যাসিবাদের প্রতীক। তারা দেশ থেকে ‘মুজিববাদ’ ও ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার ঘোষণা দেয়।
বিক্ষোভকারীরা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের দাবিতে স্লোগান দেয়। অনেকে বাড়ির দোতলায় উঠে হাতুড়ি, লোহার রড ও কাঠের তক্তা দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ ভবনের বিভিন্ন অংশ ভেঙে ফেলে।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, "আজ রাতে বাংলাদেশের মাটি ফ্যাসিবাদমুক্ত হবে।" ইনকিলাব ফ্রন্টের আহ্বায়ক শরীফ ওসমান হাদিসহ অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই হামলার আহ্বান জানিয়ে পোস্ট শেয়ার করেন।
উল্লেখ্য, এর আগেও এই বাসভবন হামলার শিকার হয়েছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর বিক্ষোভকারীরা সেখানে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল।

Post a Comment