ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রির আশ্বাস
পোল্ট্রি শিল্পের নেতৃবৃন্দ আসন্ন রমজান মাসে ন্যায্যমূল্যে ডিম ও মুরগি বিক্রির আশ্বাস দিয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সেমিনারে এ তথ্য জানানো হয়।
ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার (ডব্লিউপিএসএ-বিবি) সভাপতি মশিউর রহমান জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে রমজান মাসজুড়ে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ডিম ও মুরগি বিক্রি করা হবে, যাতে সাধারণ মানুষ সুলভ মূল্যে এই প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে পারে।
এফএলজেএফ, ডব্লিউপিএসএ-বিবি এবং বিপিআইসিসির যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বিপিআইসিসির যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান বলেন, ২০২৪ সাল পোল্ট্রি শিল্পের জন্য চ্যালেঞ্জিং ছিল, কারণ অতিরিক্ত বৃষ্টিপাত, খরা, রোগবালাই এবং বাজার মূল্য বৃদ্ধির কারণে অনেক খামারি দেউলিয়া হয়েছেন এবং বেশ কিছু বড় প্রতিষ্ঠান তাদের কার্যক্রম সংকুচিত করতে বাধ্য হয়েছে। তিনি বলেন, পোল্ট্রি শিল্প ২০৫০ সালের লক্ষ্যমাত্রা নিয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে।
ডব্লিউপিএসএ-বাংলাদেশের মহাসচিব বিপ্লব কুমার প্রামাণিক জানান, ২০২০ সালের পর পোল্ট্রি খাদ্য উৎপাদন কমে গেলেও গত বছর কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং চলতি বছরে আরও বৃদ্ধি আশা করা হচ্ছে। তবে খাবারের নিরাপত্তা এবং স্বাস্থ্যকর হতে হবে বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ ব্রিডার্স অ্যাসোসিয়েশনের (বিএবি) সভাপতি মাহবুবুর রহমান পূর্ববর্তী সরকারের সময় পোল্ট্রি খামারিদের সমস্যার কথা উল্লেখ করেন এবং জানান যে, খামারিরা তাদের ক্ষতির কথা প্রকাশ করতে পারেননি। তিনি বলেন, ডিমের খুচরা মূল্য ১১.৮৭ টাকা নির্ধারিত হলেও বর্তমানে বাজারে ১০.৫০ টাকায় বিক্রি হচ্ছে এবং রমজান মাসে দাম আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা ক্ষুদ্র খামারিদের জন্য ক্ষতিকর।
ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ নজরুল ইসলাম পোল্ট্রি খাতের জন্য টেকসই ভিত্তি গড়ার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
এফএলজেএফ এর সভাপতি এম এ জলিল মুন্না রাইহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, আরটিভির প্রধান সংবাদ সম্পাদক ইলিয়াস হোসেন এবং এফএলজেএফ এর মহাসচিব জাহিদুর রহমানও বক্তব্য রাখেন।
Opening Multiple Link Tabs...
সেমিনারে জানানো হয়, ১৩তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ২০ ফেব্রুয়ারি থেকে ৩ দিনব্যাপী পূর্বাচলে বাংলাদেশ-চীন বন্ধুত্ব প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ১৭টি দেশের ২০০ কোম্পানি তাদের প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করবে। মেলা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং কুড়িল বিশ্ব রোড থেকে বিনামূল্যে শাটল বাস সেবা প্রদান করা হবে।

Post a Comment