ডেভিল হান্ট অপারেশন: গাজীপুরে আটক ৬৫

ডেভিল হান্ট অপারেশন: গাজীপুরে আটক ৬৫



দেশব্যাপী চলমান যৌথ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট'-এর অংশ হিসেবে গাজীপুরে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীসহ মোট ৬৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে গাজীপুরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৪০ জনকে আটক করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) চৌধুরী মো. যাবের সাদেক। তিনি জানান, আটক ব্যক্তিরা ফ্যাসিস্ট সরকারের পক্ষে কাজ করছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

অন্যদিকে, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হক জানান, শনিবার রাতে মহানগর এলাকার বিভিন্ন স্থান থেকে আরও ২৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধেও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

আটকদের মধ্যে এখন পর্যন্ত শুধু একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাসুদ মাহমুদ। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, শুক্রবার রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৫ জন আহত হন। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনার ঘোষণা দেওয়া হয়।

শুক্রবারের হামলার প্রতিবাদে শনিবার দিনভর গাজীপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরে রাতে এই ঘটনায় একটি মামলা দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা আহ্বায়ক মো. আবদুল্লাহ।



Open Links Tabs

Opening Multiple Link Tabs...

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs