‘যায়যায় দিন’ এর ঘোষণাপত্র বাতিলের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ
‘যায়যায় দিন’ পত্রিকার ঘোষণাপত্র বাতিলে তীব্র প্রতিবাদ
‘যায়যায় দিন’ পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে পত্রিকাটির ঘোষণাপত্র বাতিলের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বর্তমান কর্তৃপক্ষ ও সাংবাদিকরা।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদ মালিকপক্ষ ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে প্রধান কার্যালয় অবৈধভাবে দখল এবং ঘোষণাপত্র বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
লিখিত বক্তব্যে কাজী রুকুনউদ্দীন বলেন, "শফিক রেহমানের নেতৃত্বে একটি চক্র পত্রিকার প্রধান কার্যালয় ও ছাপাখানা অবৈধভাবে দখল করেছে। মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে তারা ‘যায়যায় দিন’ বর্তমান মালিক সাঈদ হোসেন চৌধুরীর কাছ থেকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা বিষয়টি গোপনে সমাধানের চেষ্টা করেছিলাম, তবে ওই চক্রটি মিথ্যা তথ্য দিয়ে আদালত ও প্রশাসনকে প্রভাবিত করছে।"
তিনি আরও বলেন, "তেজগাঁও শিল্প এলাকায় ‘যায়যায় দিন’-এর কার্যালয় ও ছাপাখানা দখলের পর যথাযথ নিয়ম মেনে অন্য একটি প্রেস থেকে পত্রিকাটি মুদ্রণ অব্যাহত রাখা হয় এবং ডিসি অফিসকে স্থান পরিবর্তনের বিষয়টি জানানো হয়। তারপরও ভিত্তিহীন অজুহাতে ডিসি অফিস ঘোষণাপত্র বাতিল করেছে।"
কাজী রুকুনউদ্দীন অভিযোগ করেন, "সরকার বারবার গণমাধ্যমের স্বাধীনতার কথা বললেও একটি প্রভাবশালী মহল আইনকে ব্যবহার করে বৈধভাবে পরিচালিত একটি পত্রিকার ঘোষণাপত্র বাতিল করিয়েছে।"

Post a Comment