চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের প্রতি লিটারের দাম ১৬০ টাকা।
চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৪ মার্চ) এক বিশেষ টাস্কফোর্স সভায় আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতাদের জন্য ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয়।
নতুন মূল্য অনুযায়ী, আমদানিকারকরা প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৫৩ টাকায়, পাইকারি ব্যবসায়ীরা ১৫৫ টাকায় এবং খুচরা বিক্রেতারা সর্বোচ্চ ১৬০ টাকায় বিক্রি করতে পারবেন। এই দর মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে এবং আগামী ১০ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে।
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে চট্টগ্রাম সার্কিট হাউসে এ সভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসন জানায়, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ী প্রতিনিধিরা নির্ধারিত দামে তেল বিক্রির বিষয়ে সম্মতি দিয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, "বাজারে কিছুটা ভোজ্যতেল সংকট ছিল, যা সমাধানের জন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। কেউ নির্ধারিত মূল্যের বেশি নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
মেয়র শাহাদাত হোসেন বলেন, "কিছু অসাধু ব্যবসায়ীর কারণে রমজানের আগে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এ ধরনের কারসাজি রোধ করতেই ভোজ্যতেলের নির্দিষ্ট দাম বেঁধে দেওয়া হয়েছে।" তিনি জানান, জেলা প্রশাসনের পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনও বাজার তদারকি করবে।
Opening Multiple Link Tabs...
বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকটের খবর পাওয়ার পর সোমবার মেয়র শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম খাতুনগঞ্জের পাইকারি বাজার পরিদর্শন করেন। সেখানে তারা কৃত্রিম সংকটের প্রমাণ পান। এরপর উৎপাদক, আমদানিকারক ও পাইকারদের সঙ্গে আলোচনা করে সংকট সমাধানে পদক্ষেপ নেওয়া হয়।

Post a Comment