দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রধান উপদেষ্টার ওপর গুরুত্বারোপ

 

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রধান উপদেষ্টার ওপর গুরুত্বারোপ



পারস্পরিক আস্থা বাড়ানো এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত দ্বিপাক্ষিক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে ঢাকা সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, “কিছু বাধা অবশ্যই রয়েছে। তবে আমাদের সেই চ্যালেঞ্জগুলো অতিক্রম করে এগিয়ে যাওয়ার পথ খুঁজতে হবে।” তিনি পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে, বিশেষত সার্ক কাঠামোর আওতায়, সম্পর্ক গভীর করার প্রতি তার দীর্ঘদিনের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচও দ্বিপাক্ষিক সম্পর্কের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, “আমাদের মধ্যে একটি বিশাল আঞ্চলিক বাজার রয়েছে, যেটি কাজে লাগানো অত্যন্ত জরুরি। আমরা একের পর এক সুযোগ হারাতে পারি না।” তিনি দুই দেশের বেসরকারি খাতের মধ্যে নিয়মিত বিটুবি যোগাযোগ এবং সকল পর্যায়ে সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফপিসিসিআই একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফর করে এবং এফবিসিসিআইয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। আগামী এপ্রিলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের নির্ধারিত সফর সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি বাড়াতে যুব বিনিময় কর্মসূচি ও সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, “দীর্ঘদিন সম্পর্ক স্থবির থাকায় আমরা একে অপরকে অনেকটাই ভুলে গিয়েছিলাম। এখন সময় এসেছে সেই দূরত্ব ঘোচানোর।”

অধ্যাপক ইউনূস স্মরণ করেন, গত বছর জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালে নিউইয়র্কে এবং ডি-৮ সম্মেলনের সময় কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে তার বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি দিয়েছিল। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও পাকিস্তান সার্ক, ওআইসি এবং ডি-৮-এর মতো আঞ্চলিক ও বৈশ্বিক ফোরামে ঘনিষ্ঠভাবে একত্রে কাজ করবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফও উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs