কাতারে প্রধান উপদেষ্টা: অগ্রাধিকার পাবে জ্বালানি, ভিসা ও রোহিঙ্গা ইস্যু

 

কাতারে প্রধান উপদেষ্টা: অগ্রাধিকার পাবে জ্বালানি, ভিসা ও রোহিঙ্গা ইস্যু



চার দিনের সফরে কাতারের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহা রওনা হন। খবর বাসসের।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ২২ ও ২৩ এপ্রিল দোহায় আয়োজিত ‘আর্থনা সম্মেলনে’ অংশ নেবেন ড. ইউনূস। কাতারের রাজপরিবার এই সম্মেলনের মূল আয়োজক। সফরকালে তিনি কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, “সফরে প্রধান উপদেষ্টা একটি গুরুত্বপূর্ণ রোহিঙ্গা বিষয়ক সেমিনারে নেতৃত্ব দেবেন। এই সেমিনারকে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গা ইস্যু উত্থাপনের পূর্বপ্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। আমাদের প্রত্যাশা, এই ইস্যুটি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে আসবে এবং আমরা দ্রুত কোনো সমাধানের দিকে এগোতে পারব।”

তিনি আরও জানান, কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) আমদানি চুক্তি রয়েছে, সেই প্রেক্ষিতে জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। ভিসা সংক্রান্ত বিষয়েও কিছু আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি, অর্থনৈতিক সম্পর্ক জোরদারে দোহায় একটি বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে কাতারের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীরা অংশ নেবেন। সম্মেলনটি আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে।

এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখযোগ্য বিষয় হলো—দেশের ইতিহাসে প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে গেছেন। তারা হলেন: ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।


Post a Comment

Previous Post Next Post

Smartwatchs