আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে দেশে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন ও ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক শেষে জানানো হয়, খোলা ও বোতলজাত— উভয় ধরনের সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো হচ্ছে। ব্যবসায়ীরা শিগগিরই নতুন মূল্য ঘোষণা করবেন।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম টনপ্রতি ১,২০০ ডলারে পৌঁছেছে। গত কয়েক মাসে সয়াবিন ও পাম তেলের দাম ১৮ থেকে ২০ শতাংশ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা দাম সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন।
এর আগে গত ১২ আগস্ট পাম তেলের দাম লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা করা হয়েছিল, আর সয়াবিন তেলের দাম ছিল ১৮৯ টাকা। এরও আগে এপ্রিল মাসে সরকার সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করেছিল।
সরকারি এ সিদ্ধান্তের ফলে ভোজ্যতেলের বাজারে নতুন মূল্য কার্যকর হবে, যা আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে।
Post a Comment