ওয়াশিংটনে দুর্ঘটনাগ্রস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার

 ওয়াশিংটনে দুর্ঘটনাগ্রস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পটোম্যাক নদীতে বিধ্বস্ত যাত্রীবাহী উড়োজাহাজটির ফ্লাইট ডেটা ও ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ ও এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার রাতে, ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।

এ ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত একটি সূত্র বৃহস্পতিবার সিবিএস নিউজ ও এবিসি নিউজকে জানিয়েছে যে, আমেরিকান এয়ারলাইনসের উড়োজাহাজটির রেকর্ডিং যন্ত্র—ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার—উদ্ধার করা হয়েছে, যা সাধারণত ব্ল্যাক বক্স নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের স্বাধীন তদন্ত সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এখন এসব ডেটার বিশ্লেষণ করবে। এ ঘটনার তদন্তের নেতৃত্বও এনটিএসবি নিচ্ছে।

উড়োজাহাজটিতে ৬৪ জন এবং হেলিকপ্টারে ৩ জন আরোহী ছিলেন। মোট ৬৭ জন আরোহীর কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু মরদেহ উদ্ধার করা হয়েছে।




Post a Comment

Previous Post Next Post

Smartwatchs