কারামুক্ত হলেন ১৭ বছর পর বাবর

  কারামুক্ত হলেন ১৭ বছর পর বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১৭ বছরের দীর্ঘ কারাবাস শেষে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। দুপুর পৌনে ২টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন বলে নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বাবর নেতাকর্মীদের সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরবেন বলে জানানো হয়।

এর আগে বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী জানান, মুক্তি পাওয়ার পরে বাবর জিয়াউর রহমানের কবর জিয়ারত করে নেতাকর্মী ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

লুৎফুজ্জামান বাবর চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। তবে মঙ্গলবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস দেন। এই রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা থেকে অব্যাহতি পান।

তার মুক্তির খবরে নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরীসহ আশপাশের এলাকায় আনন্দ-উচ্ছ্বাস সৃষ্টি হয়। নেতাকর্মী ও স্থানীয় জনগণের উদ্যোগে তার নির্বাচনী এলাকাসহ ময়মনসিংহ ও নেত্রকোনায় বিভিন্ন জায়গায় তোরণ নির্মাণ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs