জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল
এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দেশের ৬৫ শতাংশ মানুষ জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চান। তবে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনকে প্রাধান্য দেওয়ার পক্ষে। তাদের মতে, বর্তমানে জাতীয় অগ্রাধিকার হলো জাতীয় নির্বাচন অনুষ্ঠান। অন্যদিকে, স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় সাধারণ মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যা স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তার পক্ষে জনমত তৈরি করেছে। তবে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন কতটা বাস্তবসম্মত, তা নিয়ে বিতর্ক রয়েছে।
এর মধ্যে জাতীয় নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠন এবং দল অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছে। তারা মনে করছে, বিবিএসের জরিপের ফলাফল যথাযথ ও সময়োপযোগী।
জরিপের ফলাফল থেকে জানা গেছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন করার পক্ষে মতামত দিয়েছেন ৬৪.৯৭ শতাংশ মানুষ। অন্যদিকে, ২৯ শতাংশ মানুষ জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পক্ষে। এছাড়া, প্রায় ৭০ শতাংশ মানুষ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে আয়োজনের পক্ষে মত দিয়েছেন, যেখানে দলীয় প্রতীকে নির্বাচন চেয়েছেন প্রায় ২৮ শতাংশ। বাকিরা এ বিষয়ে মতামত দেননি বা জানিয়েছেন, তাঁরা জানেন না।
এই জরিপে অংশ নেওয়া ৬৮ শতাংশ মানুষ নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান, বিপরীতে প্রায় ২৯ শতাংশ রাষ্ট্রপতিকে দলীয় হওয়ার পক্ষে। রাষ্ট্রপতিকে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত করার পক্ষে মত দিয়েছেন প্রায় ৮৩ শতাংশ মানুষ, যেখানে সংসদ সদস্যদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে রয়েছেন মাত্র ১৩ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ইতোমধ্যে জরিপের খসড়া প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন প্রকাশের আগেই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছিল। এটির শুরু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এক বক্তব্যের মাধ্যমে। ৮ জানুয়ারি ঢাকায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে আলোচনার সময় তিনি জানান, তাঁর সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এ ঘোষণা থেকেই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি বিষয়টি নিয়ে সতর্ক হয়েছে।
.jpg)
Post a Comment