ভয়াবহ অগ্নিকাণ্ড বিশ্বের বৃহত্তম ব্যাটারি স্টোরেজে
ক্যালিফোর্নিয়ার মস ল্যান্ডিংয়ে বিশ্বের বৃহত্তম ব্যাটারি স্টোরেজ প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা শুক্রবার পর্যন্ত জ্বলতে থাকে। বিষাক্ত ধোঁয়ার কারণে আশপাশের প্রায় দেড় হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনা নবীন ব্যাটারি স্টোরেজ শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হয়ে উঠেছে।
টেক্সাস-ভিত্তিক ভিস্ট্রা এনার্জি পরিচালিত লিথিয়াম ব্যাটারি প্ল্যান্টে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মন্টেরে কাউন্টির নর্থ কাউন্টি ফায়ার প্রোটেকশন ডিস্ট্রিক্টের ফায়ার চিফ জোয়েল মেন্ডোজা জানিয়েছেন, যদিও শুক্রবার আগুনের তীব্রতা কমে এসেছে, তবে প্রাথমিক পর্যায়ে তীব্র আগুন এবং কালো ধোঁয়া ছড়িয়েছিল। তিনি উল্লেখ করেন যে লিথিয়াম-আয়ন ব্যাটারির আগুন নেভানো অত্যন্ত জটিল এবং এতে বিষাক্ত ধোঁয়ার উৎপত্তি হয়। ফলে দমকল কর্মীরা আগুন নিজে থেকে নিভে যাওয়ার অপেক্ষা করছেন।
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও, স্থানীয়রা বাতাসে বিষাক্ত গ্যাসের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সান ফ্রান্সিসকো থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মস ল্যান্ডিংয়ে এই অগ্নিকাণ্ড ব্যাটারি স্টোরেজ শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জের দিকে নজর ফেরাচ্ছে।
মন্টেরে কাউন্টি সুপারভাইজর গ্লেন চার্চ বলেন, “এটি শুধু একটি অগ্নিকাণ্ড নয়; এটি পুরো শিল্পের জন্য একটি সতর্ক সংকেত। আমরা যদি টেকসই জ্বালানির দিকে এগিয়ে যেতে চাই, তবে ব্যাটারি সিস্টেমকে নিরাপদ করতে হবে।”
সূর্য ও বাতাস থেকে প্রাপ্ত পুনঃনবীকরণযোগ্য জ্বালানি ব্যবহারের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যাটারি স্টোরেজ অত্যাবশ্যক। তবে লিথিয়াম ব্যাটারি “থার্মাল রানওয়ে” নামে পরিচিত একটি সমস্যার ঝুঁকিতে থাকে, যা অতিরিক্ত তাপ উৎপন্ন করে আগুন ও বিষাক্ত গ্যাস নির্গত করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষের স্বাস্থ্যের জন্য তাৎক্ষণিক কোনো বড় ঝুঁকি নেই। শুক্রবার সন্ধ্যায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ তুলে নেওয়া হয়েছে। তবে বাসিন্দাদের জানালা বন্ধ রাখতে এবং এয়ার কন্ডিশনার না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে ।

Post a Comment