অমর একুশে বইমেলা ২০২৫ আজ শুরু, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৫ আজ (১ ফেব্রুয়ারি, শনিবার) থেকে শুরু হচ্ছে। বিকেল ৩টায় বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে এবারের বইমেলা। এবারের প্রতিপাদ্য বিষয় ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’।
বইমেলা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন বৃহস্পতিবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জানান, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
এবারের বইমেলায় ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৯টি স্টল বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং ৬০৯টি স্টল সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপন করা হয়েছে। গত বছর ৬৩৫টি প্রতিষ্ঠানকে ৯৩৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল।
মেলায় ৩৭টি প্যাভিলিয়ন থাকবে, যার মধ্যে ১টি বাংলা একাডেমিতে এবং ৩৬টি সোহরাওয়ার্দী উদ্যানে। লিটল ম্যাগাজিন কর্নারটি এবার সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে গাছের নিচে স্থাপন করা হয়েছে, যেখানে ১৩০টি লিটল ম্যাগাজিন স্টল থাকবে।

Post a Comment