প্রায় এক বছর পর মঞ্চে ফিরে অসুস্থ হলেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন
প্রায় এক বছর পর মঞ্চে ফিরেই অসুস্থ হয়ে পড়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো’ অনুষ্ঠানে গান পরিবেশন করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান।
গায়িকা দিতি আনোয়ার সংবাদমাধ্যমকে জানান, গান গাওয়ার মাঝেই সাবিনা ইয়াসমিন অসুস্থ বোধ করেন এবং পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দিতি আরও জানান, চিকিৎসকদের তত্ত্বাবধানে কিছুদিন হাসপাতালে থাকার পর তিনি বাড়ি ফিরবেন।
উল্লেখ্য, দীর্ঘ চিকিৎসার পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরে প্রায় এক বছর পর এই অনুষ্ঠানের মাধ্যমে মঞ্চে ফিরেছিলেন সাবিনা ইয়াসমিন। দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তার অস্ত্রোপচার হয় এবং পরবর্তী চার মাসে তাকে ৩০টি রেডিওথেরাপি সেশন নিতে হয়েছে।
২০২৩ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন এবং ব্রিসবেনে বেশ কিছু মঞ্চানুষ্ঠানে গান গেয়েছিলেন তিনি। তবে এরপর থেকে মঞ্চে আর দেখা যায়নি তাকে।
আয়োজকরা জানিয়েছেন, শনিবারও একই অনুষ্ঠানে তার গান গাওয়ার কথা ছিল। এরপর চট্টগ্রামে আরও একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল তার।

Post a Comment