নতুন দল গঠনের ঘোষণা : নাহিদ ইসলামের পদত্যাগ

 নতুন দল গঠনের ঘোষণা : নাহিদ ইসলামের পদত্যাগ


 

 অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। আজ, ২৫ ফেব্রুয়ারি দুপুর ১টায় উপদেষ্টা পরিষদের এক অনানুষ্ঠানিক বৈঠকের পর তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থান জরুরি। গণ-আন্দোলনকে সংহত করতে এবং রাজপথে সক্রিয় থাকার উদ্দেশ্যে তিনি পদত্যাগ করেছেন। তিনি আরও উল্লেখ করেন যে, দুটি মন্ত্রণালয়ের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালনের চাপে তার কাজ কঠিন হয়ে পড়েছিল।

তার উত্তরসূরি কে হবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ বলে জানান তিনি। সরকার যে ন্যায়বিচার ও সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নে ছাত্র উপদেষ্টারা সক্রিয় থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, "আমলাতান্ত্রিক জটিলতা, পুলিশের প্রতি আস্থার অভাব এবং গণহত্যার আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে দুর্বলতা ছিল। তবে আমি আশাবাদী যে, গণ-আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে সরকার সফল হবে।"

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আগামী ২৮ ফেব্রুয়ারি একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবে। নাহিদ ইসলাম এই দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, সরকারে থাকার চেয়ে সরাসরি জনগণের সঙ্গে কাজ করা বেশি গুরুত্বপূর্ণ মনে হলে তিনি সরকারি পদ ছেড়ে নতুন রাজনৈতিক দলে যোগ দিতে পারেন।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs