প্রধান উপদেষ্টা: জুলাই হত্যাকাণ্ডের বিচার এদেশের মাটিতেই হবে
ঢাকা: জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িতদের বিচারের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে এবং যারা ইতোমধ্যে হত্যাকারী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তাদের বিচার এদেশের মাটিতেই হবে।
মঙ্গলবার সন্ধ্যায় স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের প্রতিবেদন উল্লেখ করে ড. ইউনূস বলেন, গত জুলাই-আগস্টে শেখ হাসিনা সরকারের নেতৃত্বে আওয়ামী লীগ যে দমন-পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে, তার বিস্তারিত তদন্ত করে জাতিসংঘ এই প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিক্ষোভে প্রায় ১৪০০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৩ শতাংশ শিশু ছিল। বিক্ষোভকারী নারীরাও অত্যাচারের শিকার হয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা নিজেই বিক্ষোভকারীদের হত্যার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন।
জাতিসংঘের প্রতিবেদন থেকে উঠে আসা ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতার লোভে শেখ হাসিনা সমস্ত নিষ্ঠুরতা অতিক্রম করেছেন।
তিনি আরও বলেন, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎকালে সবাই 'নতুন বাংলাদেশ' গঠনের স্বপ্নের কথা জানিয়েছেন। অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

Post a Comment