ডিসেম্বরে হতে পারে নির্বাচন, তবে জুন ছাড়াবে না: ড. মুহাম্মদ ইউনূস

ডিসেম্বরে হতে পারে নির্বাচন, তবে জুন ছাড়াবে না: ড. মুহাম্মদ ইউনূস


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে যেকোনো পরিস্থিতিতেই নির্বাচন আগামী বছরের জুনের পর গড়াবে না। আন্তর্জাতিক সাময়িকী ‘দি ইকোনমিস্ট’-এ বৃহস্পতিবার (১৫ মে) প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ব্যাংক খাতে স্থিতিশীলতা আনতে সক্ষম হলেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। পাশাপাশি, রাজনৈতিক পরিস্থিতিও রয়ে গেছে অস্থির। ‘বিপ্লবের’ নয় মাস পেরিয়ে গেলেও বড় কোনো পরিবর্তন আনতে সরকার হিমশিম খাচ্ছে।

তিনি ‘নতুন বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। এ উদ্দেশ্যে প্রস্তাবিত ‘জুলাই সনদ’ প্রণয়নে একটি ‘ঐকমত্য কমিশন’ গঠন করা হবে বলেও জানান তিনি।

তবে ঐকমত্যে পৌঁছানো যে সহজ হবে না, তা স্বীকার করে ড. ইউনূস বলেন, কোন কোন ক্ষেত্রে কমিশন গঠন করা প্রয়োজন, তা নিয়ে রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের মধ্যেই মতবিরোধ রয়েছে। তৈরি পোশাক ও শিক্ষা খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের জন্য কমিশন গঠনের দাবি থাকলেও তা উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সবচেয়ে বিতর্কিত হয়েছে নারী সংস্কার কমিশন। এই কমিশন ইসলামী উত্তরাধিকার আইনে পরিবর্তনের প্রস্তাব দিয়ে নারীদের অধিকতর অধিকার দেওয়ার সুপারিশ করায় ইসলামপন্থী দলগুলো তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে এবং বিক্ষোভে জড়িয়েছে।

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ড. ইউনূস জানান, গত ১২ মে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। ফলে দলটি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs