বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা হারিয়ে ইসি পুনর্গঠন ও অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগামীকাল বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সদস্যসচিব আখতার হোসেন।
লিখিত বক্তব্যে আখতার হোসেন বলেন, ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের অবৈধ কার্যক্রম থেকে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে, তার জন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক ভূমিকা দায়ী।
তিনি আরও অভিযোগ করেন, ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’ মামলায় নির্বাচন কমিশন বিবাদী হয়েও নিজেকে গুটিয়ে রেখেছে, ফলে মামলার রায় একতরফাভাবে এসেছে। এমনকি উচ্চ আদালতে আপিল না করায়, বাদীপক্ষকে সুবিধা দিয়েছে কমিশন—যা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।
সংবাদ সম্মেলনে এনসিপি আরও দাবি করে, বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২’-এর মাধ্যমে, যা তারা ‘ফ্যাসিবাদী আইন’ হিসেবে অভিহিত করেছে এবং যে আইনকে অধিকাংশ বিরোধী দলও প্রত্যাখ্যান করেছে।
দলটির মতে, নির্বাচিত জনপ্রতিনিধির অনুপস্থিতিতে নাগরিক সেবা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচনই জনগণের দুর্ভোগ লাঘবে একমাত্র সমাধান, কিন্তু বর্তমান কমিশন সে নির্বাচন পরিচালনার জন্য উপযুক্ত নয়।

Post a Comment