ড. ইউনূস পদত্যাগের কথা ভাবছেন: বিবিসিকে নাহিদ ইসলাম
ড. ইউনূস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন। বৃহস্পতিবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বিকেলে সন্ধ্যা ৭টার দিকে তিনি ড. ইউনূসের বাসভবন ‘যমুনা’তে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। নাহিদ ইসলাম জানান, ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন শোনার পর বিষয়টি স্পষ্ট করার জন্যই তিনি এই সাক্ষাৎ করেন।
নাহিদ বলেন, “দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে স্যারের পদত্যাগের কথা আমরা সকাল থেকেই শুনছিলাম। তাই বিষয়টি নিয়ে আলোচনা করতেই তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।”
তিনি জানান, ড. ইউনূস বর্তমানে পদত্যাগ নিয়ে গভীর চিন্তাভাবনা করছেন। দেশের রাজনৈতিক অস্থিরতা ও আন্দোলনের চাপে তিনি নিজেকে কার্যকরভাবে দায়িত্ব পালনে অক্ষম মনে করছেন।
নাহিদ ইসলাম আরও বলেন, “স্যার বলছিলেন, আমাকে যে জায়গা থেকে তোমরা এনেছ—একটা গণঅভ্যুত্থানের পর—সেই জায়গায় আমি যদি কাজই করতে না পারি, যদি রাজনৈতিক দলগুলোর সমন্বয় না হয়, যদি আমাকে জিম্মি করে রাখা হয়, তাহলে আমি কিভাবে কাজ করব?”
এই অবস্থায়, নাহিদ ইউনূসকে অনুরোধ করেন যেন তিনি দৃঢ় থাকেন এবং দেশের নিরাপত্তা ও গণআকাঙ্ক্ষার স্বার্থে দায়িত্ব পালন অব্যাহত রাখেন। তিনি বলেন, “আমি আশা করি সবাই তাকে সহযোগিতা করবেন। তবে যদি তিনি সত্যিই কাজ করতে না পারেন, তাহলে পদে থাকার যৌক্তিকতা থাকে না।”
পদত্যাগ নিয়ে প্রধান উপদেষ্টার মানসিক অবস্থার প্রসঙ্গে নাহিদ বলেন, “যদি রাজনৈতিক দলগুলোই তাকে সমর্থন না করে, তাহলে তিনি কেন থাকবেন? যদি আস্থা ও আশ্বাস না পান, তাহলে পদত্যাগ করা তার জন্য এক ধরনের বিকল্প হয়ে উঠছে।”
Post a Comment