প্রধান উপদেষ্টা: উৎসবমুখর নির্বাচন আসছে, জুলাইয়ে প্রকাশিত হবে ‘জুলাই সনদ’

 


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আগামী মাসে সরকার ‘জুলাই সনদ’ প্রকাশ করতে যাচ্ছে। মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ ঘোষণা দেন তিনি।

chief adviser dr muhammad yunus australian high commissionerরাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম, আসন্ন নির্বাচন, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ড. ইউনূস বলেন, “অনেক বছর পর জনগণ—বিশেষ করে যারা প্রথমবারের মতো ভোট দেবে—তারা একটি বাস্তব ও মুক্ত নির্বাচনের অভিজ্ঞতা পাবে। এটি হবে এক উৎসবমুখর এবং আশাব্যঞ্জক উপলক্ষ।”

তিনি আরও বলেন, “একটি বিশৃঙ্খল সময় পেরিয়ে আমরা এখন ধারাবাহিক এবং গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথে রয়েছি। সাংবিধানিক, বিচারিক ও প্রশাসনিক সংস্কারের ওপর আমাদের বিশেষ মনোযোগ রয়েছে, যা একটি শক্তিশালী বাংলাদেশের ভিত্তি গঠনে সহায়ক হবে।”

অস্ট্রেলিয়ার পুনরায় চালু হওয়া ভিসা কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, বর্তমানে অস্ট্রেলিয়ায় ৬৫ হাজারেরও বেশি বাংলাদেশি বসবাস করছেন, যার মধ্যে ১৪ হাজার শিক্ষার্থী রয়েছেন।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপির মাধ্যমে ২০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে তার দেশ। তিনি আরও জানান, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে ৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে পৌঁছেছে, যা গত পাঁচ বছরে গড়পড়তা ১৬.২ শতাংশ হারে বেড়েছে।

রোহিঙ্গা সংকট নিয়েও গুরুত্বারোপ করেন ড. ইউনূস। তিনি মানবিক সহায়তা আরও জোরদারের আহ্বান জানান। এর জবাবে হাইকমিশনার জানান, ২০১৭ সাল থেকে অস্ট্রেলিয়া রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য ৫৫৩.৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দিয়েছে এবং মিয়ানমারে পরিস্থিতি অনুকূল হলে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে থাকবে।

সাক্ষাতের সময় হাইকমিশনার বলেন, “বাংলাদেশের প্রাণবন্ত সংস্কৃতি ও রাজনৈতিক গতিশীলতা আমাকে মুগ্ধ করেছে। এ দেশে দায়িত্ব নিতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।”

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs