রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তন ও সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ সংশোধনে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের রাজনৈতিক সংলাপের চতুর্থ দিনের আলোচনার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ছবি: পিআইডি
অধ্যাপক রীয়াজ বলেন, দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অংশ নেওয়া বেশিরভাগ রাজনৈতিক দল বর্তমান রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। তারা সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব দিয়েছে। তবে পরিবর্তিত পদ্ধতি কী হবে, তা নিয়ে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন।
তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনী পদ্ধতির সংস্কারের সঙ্গে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার ধারণাও জড়িত। এ বিষয়ে আজ আলোচনা হয়েছে এবং বেশিরভাগ দল উচ্চকক্ষে ১০০ আসনের একটি কাঠামোর প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। তবে এ বিষয়েও আরও বিশ্লেষণ ও পর্যালোচনার প্রয়োজন রয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়েও আলোচনা হয়। রীয়াজ জানান, অনেক দল চায়, একজন ব্যক্তি পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকুক। কেউ কেউ মত দিয়েছে, পরপর দুটি মেয়াদের পর কিছু বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকতে পারে।
তিনি বলেন, আলোচনার পরিবেশ ছিল বন্ধুত্বপূর্ণ এবং দলগুলো স্বাধীনভাবে তাদের মতামত তুলে ধরেছে। মতবিরোধ থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল লক্ষণীয়।
আজকের সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়।
কমিশন জানিয়েছে, দ্বিতীয় পর্যায়ের পঞ্চম বৈঠক আগামী রবিবার (২২ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
অধ্যাপক রীয়াজ আশাবাদ ব্যক্ত করে বলেন, "আলোচনার মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি কার্যকর জাতীয় ঐকমত্য গড়ে উঠবে।"
সূত্র: বাসস
Post a Comment