সিলেটে আয়োজিত এক সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে প্রথম ১৮ মাসের মধ্যেই দেশে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। শনিবার সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে 'সিলেট বিজনেস ডায়ালগ' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, ভবিষ্যতের অর্থনৈতিক পরিকল্পনায় বিএনপি বাংলাদেশকে একটি আঞ্চলিক 'ট্রেডিং হাব' হিসেবে গড়ে তুলতে চায়, যেখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নিরাপদে বিনিয়োগ করতে পারবেন। রাজনৈতিক প্রভাবমুক্ত একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির অঙ্গীকার করেন তিনি, যা সরকার গঠনের প্রথম দিন থেকেই কার্যকর করা হবে।
তথ্যপ্রযুক্তি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়ে আমীর খসরু বলেন, সিলেটের আইটি খাতে রয়েছে বিপুল সম্ভাবনা। বিএনপি সরকার গঠন করলে কমপক্ষে এসএসসি পাস তরুণ-তরুণীদের জন্য আইটি সেক্টরে ব্যাপক চাকরির সুযোগ সৃষ্টি করা হবে। এ ছাড়া, বিদেশে থাকা দক্ষ আইটি পেশাজীবীদের দেশে ফিরিয়ে আনতে নেওয়া হবে বিশেষ উদ্যোগ।
তিনি কৃষি খাতের উন্নয়নেও গুরুত্বারোপ করেন। তার মতে, কৃষিতে বিনিয়োগে আগ্রহীদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে এবং দেশীয় কৃষিপণ্যের রপ্তানির পথ সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে আয়োজিত এই সংলাপে সিলেট ও দেশের সামগ্রিক অর্থনীতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং সাবেক সভাপতি ফজলুল হক। আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম আব্দুল মালেক, আব্দুল কাইয়ুম চৌধুরী, রেজাউল হাসান কয়েস লোদীসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Post a Comment