মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আপন চাচার হাতে খুন হয়েছেন দুই বোন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের মা হাজেরা বেগম (৫৫), যিনি বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। ঘটনার দিন কথা কাটাকাটির একপর্যায়ে মৃত আয়ুব আলীর ছেলে মাসুক আলী (৫২) ও তার স্ত্রী রাহেনা বেগম (৪৫) ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় তারা কুপিয়ে হত্যা করেন মাছুমা বেগম (২৫) ও শারমিন আক্তার (২৮)-কে। মেয়েদের বাঁচাতে গেলে গুরুতর জখম হন তাদের মা হাজেরা বেগম।
নিহত দুই বোন একই গ্রামের আবু মিয়ার মেয়ে। তাদের মা হাজেরা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম সাজেদুল কবির জানান, ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়। গুরুতর আহত হাজেরা বেগমকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

Post a Comment