সরকার নবম পে কমিশন গঠন করেছে।

 সরকার নবম পে কমিশন গঠন করেছে

অন্তর্বর্তীকালীন সরকার সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য "নবম জাতীয় বেতন কমিশন–২০২৫" গঠন করেছে। এ বিষয়ে অর্থ বিভাগ গতকাল একটি প্রজ্ঞাপন জারি করেছে।

কমিশনে তিনজন পূর্ণকালীন এবং ১৯ জন খণ্ডকালীন সদস্য রয়েছেন। প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে কমিশনকে সরকারের কাছে সুপারিশসহ একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিশনের সদস্য হিসেবে থাকছেন মহাহিসাব নিরীক্ষক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন করে অধ্যাপক, বিআইডিএস মহাপরিচালক, সশস্ত্র বাহিনী বোর্ডের একজন প্রতিনিধি এবং আইন, বিচার, জনপ্রশাসন, জননিরাপত্তা বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মনোনীত একজন সচিব বা অতিরিক্ত সচিব। প্রয়োজন হলে কমিশন খণ্ডকালীন সদস্য সংখ্যা বাড়াতে পারবে।

কমিশনের কার্যপরিধি:

কমিশনের দায়িত্বে রয়েছে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনা করে সময়োপযোগী সুপারিশ প্রদান।

মূল বিষয়গুলো হলো:

  • আধুনিক, উপযুক্ত ও বাস্তবসম্মত বেতন কাঠামো প্রণয়ন

  • বিশেষায়িত পেশার জন্য আলাদা বেতন কাঠামো নির্ধারণ

  • আয়করের বিবেচনায় বেতন কাঠামো ঠিক করা

  • বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, উৎসব, প্রেষণ, কার্যভার, শ্রান্তিবিনোদন ভাতা নির্ধারণ

  • মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয়ের পদ্ধতি নির্ধারণ

  • পেনশন ও অবসর সুবিধার পর্যালোচনা ও উন্নয়ন

  • কর্মক্ষমতা মূল্যায়নের ভিত্তিতে বেতন কাঠামোতে প্রতিফলন

  • সেবা-সুবিধা নগদীকরণ এবং রেশন সুবিধার যৌক্তিকীকরণ

  • ইনক্রিমেন্ট ও গ্রেডে অসামঞ্জস্য থাকলে তা সংশোধনের সুপারিশ

সুপারিশ প্রদানের বিবেচ্য বিষয়:

  • একটি গড় পরিবারের (পিতা-মাতা সহ ছয়জন) জীবনযাত্রার ব্যয়

  • দুটি সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খরচ

  • জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সরকারের রাজস্ব পরিস্থিতি

  • প্রশাসনিক ও নিরাপত্তা খাতে সম্পদের প্রয়োজনীয়তা

  • সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব

  • দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভরতা অর্জনের কৌশল

  • মেধাবী ও দক্ষ কর্মকর্তা নিয়োগে উৎসাহ প্রদান

  • দক্ষতা ও কর্মোদ্যোগ বাড়িয়ে সেবার মানোন্নয়ন

উল্লেখ্য, সর্বশেষ অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালের জুলাইয়ে। দীর্ঘ এক দশক পর এবার নবম পে কমিশনের মাধ্যমে নতুন বেতন কাঠামোর পথ উন্মোচন হতে যাচ্ছে।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs