পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি প্লট ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ দেওয়ার অভিযোগে দায়ের হওয়া ছয়টি দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মোট ১০০ জনকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি গেজেট ৩ জুলাই প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস)।
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদেশে প্রকাশিত গেজেটে বলা হয়েছে, অভিযুক্তরা দীর্ঘদিন আত্মগোপনে রয়েছেন এবং তাদের গ্রেপ্তারের সম্ভাবনা ক্ষীণ। তাই ২০ জুলাইয়ের মধ্যে আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার শুরু করা হবে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী গেজেট প্রকাশিত হয়েছে এবং ২০ জুলাই পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে আসামিরা আত্মসমর্পণ না করলে বিচারিক কার্যক্রম আইন অনুযায়ী এগিয়ে যাবে।
উল্লেখ্য, চলতি বছরের ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে দুদকের উপপরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এসএম রাশেদুল হাসান বাদী হয়ে ছয়টি পৃথক মামলা করেন। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ সিদ্দিক, সায়মা ওয়াজেদ পুতুল, আজমিনা সিদ্দিকসহ মোট ১০০ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে ১০ মার্চ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়। তদন্ত চলাকালে নতুন কিছু তথ্যের ভিত্তিতে মামলাগুলোতে আসামির সংখ্যা ধীরে ধীরে বাড়ে।

Post a Comment