আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার

 আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার 

 মতিউর রহমান (বাঁয়ে) - লায়লা কানিজ (ডানে)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী, সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকায় বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি তালেবুর রহমান জানান, মতিউর রহমান ও লায়লা কানিজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি তাদের বিরুদ্ধে ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে তিনটি মামলা দায়ের করে।

মামলার তথ্য অনুযায়ী, মতিউর রহমান ও লায়লা কানিজ ছাড়াও তাদের ছেলে-মেয়ের নামেও অভিযোগ আনা হয়েছে। তবে কোন মামলার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে অপারগতা জানিয়েছেন ডিএমপির উপকমিশনার।

জানা গেছে, মতিউর রহমান তার সরকারি পদ থেকে স্বেচ্ছায় অবসর নিলেও দুর্নীতি ও আলোচিত ছাগলকাণ্ড থেকে মুক্তি পাননি। তার বিরুদ্ধে ইতোমধ্যে ৮৫ কোটি টাকার দুর্নীতির ছয়টি মামলা রয়েছে, এবং তার ও তার পরিবারের প্রকৃত সম্পদ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।



Post a Comment

Previous Post Next Post

Smartwatchs