হাসনাতের হুঁশিয়ারি: “আওয়ামী লীগের পুনর্বাসন হবে না”
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক মহাসমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন। তিনি দলটিকে নিষিদ্ধ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে তাদের ক্ষমতায় ফেরার সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দেন।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “৫ আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না।”
হাসনাত আওয়ামী লীগের বিরুদ্ধে ধর্মপ্রাণ মানুষের ওপর হামলার অভিযোগ তোলেন এবং উল্লেখ করেন যে, দেশের জনগণ শেখ হাসিনা ও তার দলকে “রেড কার্ড” দেখিয়েছে।
আওয়ামী লীগকে “রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন” আখ্যা দিয়ে তিনি বলেন, দলটি অতীতে গণতন্ত্র ধ্বংস করেছে। তিনি আরও অভিযোগ করেন যে, শেখ মুজিবুর রহমানের সময় বাকশাল গঠন, জাসদ কর্মীদের হত্যাকাণ্ড এবং ১৯৭৪ সালের দুর্ভিক্ষ—যেখানে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছিল—এসবের জন্য আওয়ামী লীগ দায়ী।
তিনি বলেন, “আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে মরেছে, আর তার জানাজা হয়েছে দিল্লিতে।”
হাসনাত আওয়ামী লীগ নিষিদ্ধকরণকে দেশের “সবচেয়ে বড় সংস্কার” হিসেবে অভিহিত করে হুঁশিয়ারি উচ্চারণ করেন, প্রয়োজনে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শেখ হাসিনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাহমুদুর হাসান কাশেমী, আহমেদ কাশেমী, এবং যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ অন্যান্য নেতারা।

Post a Comment