৬ মে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামী মঙ্গলবার (৬ মে) কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরছেন। পূর্বঘোষিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটের পরিবর্তে তিনি এই রাজকীয় বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন—খালেদা জিয়া ৫ মে লন্ডন থেকে রওনা দিয়ে ৬ মে ঢাকায় পৌঁছাবেন। বিএনপির মিডিয়া সেল থেকেও এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঙ্গিত দিয়েছিলেন যে, খালেদা জিয়া কাতারের রাজপরিবারের দেওয়া রয়েল অ্যাম্বুলেন্সেই দেশে ফিরতে পারেন। যদিও তখন নির্দিষ্ট তারিখ ও সময় নিশ্চিত করা সম্ভব হয়নি।
প্রথমে বিএনপি জানিয়েছিল, খালেদা জিয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, তার ফেরা নিশ্চিত হয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে।
গত ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। সে সময়ও কাতারের আমিরের সহায়তায় তিনি রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যান।
খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ বোধ করছেন। তাই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।’
এদিকে, খালেদা জিয়ার প্রত্যাবর্তনকে ঘিরে তাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। মির্জা ফখরুল বলেন, ‘তাকে যথাযথভাবে স্বাগত জানানো আমাদের নৈতিক দায়িত্ব। শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ প্রস্তুত। একটি যৌথ সভার মাধ্যমে সুশৃঙ্খলভাবে নেত্রীকে বরণ করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Post a Comment