পাখির আঘাত: বিকল্প ফ্লাইটে সিঙ্গাপুর পাঠানো হলো ১৫৪ যাত্রীকে
উড্ডয়নের পর ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় জরুরি অবতরণ করতে হয় সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৪ ফ্লাইটকে। এরপর বিকল্প আরেকটি ফ্লাইটে ওই বিমানের ১৫৪ যাত্রীকে সিঙ্গাপুর পাঠানো হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা ৩৮ মিনিটে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কিন্তু উড্ডয়নের ২১ মিনিট পর, প্রায় ২,৫০০ ফুট উচ্চতায় পৌঁছানোর সময় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় ক্যাপ্টেন দ্রুত ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং সকাল ৮টা ৫৯ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।
বিমানে মোট ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। সবাই সুস্থ এবং নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। উড়োজাহাজটি অবতরণের পর ১৪ নম্বর বে-তে পার্ক করা হয়।
রানওয়ের পরিদর্শনে পাখির উপস্থিতির কোনো সরাসরি প্রমাণ না মিললেও, বিমানের ইঞ্জিন কাউলিংয়ে রক্তের দাগ দেখা গেছে—যা ‘বার্ড স্ট্রাইক’-এর সম্ভাবনার ইঙ্গিত দেয়।
পরবর্তীতে, ওই যাত্রীদের জন্য বিকল্প বিজি ৫৮৪ ফ্লাইট দুপুর ১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।
এ তথ্য নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বলেন, "সিঙ্গাপুরগামী ওই ফ্লাইটটি উড্ডয়নের পরপরই পাখির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। পরে সেটি নিরাপদে ফেরত আসে এবং বিমানে পাখির আঘাতের চিহ্ন পাওয়া যায়।"

Post a Comment