মধ্যরাতে আবারও হাসপাতালে খালেদা জিয়া

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার রাত ১টা ২০ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি রওনা দেন এবং ১টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান।













বেগম খালেদা জিয়া

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, এটি তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ। তিনি বলেন, "চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ম্যাডামকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক পরীক্ষার পর মেডিকেল বোর্ডের সদস্যরা প্রয়োজন অনুযায়ী ভর্তি করার সিদ্ধান্ত নেবেন।" বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ কিডনি ও হৃদযন্ত্রের নানা জটিলতায় ভুগছেন। দীর্ঘ চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে গত ৬ মে দেশে ফেরার পর এটি তার দ্বিতীয়বারের মতো হাসপাতালে যাওয়া।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং ‘লন্ডন ক্লিনিক’-এ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। তবে লিভার প্রতিস্থাপনের ঝুঁকি থাকায় চিকিৎসকেরা সেই পথে এগোননি। তার আগে, গত বছরের ১২ সেপ্টেম্বর তিনি সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন।

বর্তমানে তিনি গুলশানের নিজ বাসায় অবস্থান করছেন এবং এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।


Post a Comment

Previous Post Next Post

Smartwatchs