নিউইয়র্কে কনসুলেট ভাঙচুর, উপদেষ্টা মাহফুজকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

 

নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমকে লক্ষ্য করে বিক্ষোভ করেছে আওয়ামী লীগপন্থী প্রবাসীরা। এ সময় তারা ডিম নিক্ষেপ করে এবং কনসুলেটের কাচের দরজা ভাঙচুর করে।

রবিবার (২৪ আগস্ট) স্থানীয় সময়, জুলাই আন্দোলনের বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গেলে এ ঘটনা ঘটে।












তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম

বিক্ষোভকারীরা আওয়ামী লীগের পতাকা হাতে নিয়ে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ শ্লোগানের পাশাপাশি মাহফুজ আলমের বিরুদ্ধে স্লোগান দেয়। উত্তেজনা চরমে পৌঁছালে কনসুলেটের কাচের দরজা ভেঙে যায়। অনুষ্ঠান শেষে বাইরে আরও একদল বিক্ষোভকারী অপেক্ষা করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কনসুলেট কর্তৃপক্ষ পুলিশকে ডাকে। নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাত সাড়ে ১২টার পর মাহফুজ আলম কনসুলেট ত্যাগ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মাহফুজ আলম এ বিষয়ে সরাসরি কিছু বলেননি। তিনি প্রবাসীদের উদ্দেশে বলেন, “জুলাই আন্দোলনে প্রবাসীদের অবদান ঘোষণাপত্রে বিশেষভাবে উল্লেখ থাকবে। আমি কোনো রাজনৈতিক দলের অংশ নই। ভবিষ্যৎ সরকারগুলো যেন জুলাইয়ের চেতনায় পরিচালিত হয়, সেটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, রাষ্ট্র থেকে দুর্নীতি দূর করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশ ও জনগণকে প্রাধান্য দেওয়া জরুরি। ভারতীয় টেলিভিশন নিষিদ্ধ করার দাবির প্রসঙ্গে তিনি জানান, “আমি নিষেধাজ্ঞার পক্ষে নই। বরং বিকল্প ও উন্নত মানের কনটেন্ট তৈরি হওয়া উচিত। একইভাবে আওয়ামী লীগ সম্পর্কিত কোনো কিছু নিষিদ্ধ করার পক্ষেও নই।”

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা অনুষ্ঠানে বলেন, “একসময় দেশে রাজা-রাজপরিবার ছিল। ছাত্রনেতারা রক্ত দিয়ে সেই রাজাকে সরিয়েছিলেন। এখন কেউ যদি একটি ডিম ছুড়ে মারে বা মাহফুজ আলমকে অপসারণের দাবি জানায়, সেটাকে অস্বাভাবিক বলা যায় না।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিউইয়র্ক কনসাল জেনারেল মুহাম্মদ মজাম্মেল হক। তিনি প্রশ্নোত্তর পর্বও পরিচালনা করেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম যুক্তরাষ্ট্র সফরে আছেন এবং তিনি ২৭ আগস্ট পর্যন্ত সেখানে অবস্থান করবেন।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs