জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতপার্থক্যের মধ্যেই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। এ পরিস্থিতিতে আজ রোববার বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষকে ঘিরে সেনা ও পুলিশের লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক গুরুতর আহত হন। এই ঘটনার প্রতিবাদে অন্তর্বর্তী সরকারসহ প্রায় সব রাজনৈতিক দল নিন্দা জানিয়েছে।
গতকাল শনিবার প্রধান উপদেষ্টা ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের বৈঠকে নুরুল হকের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত গঠনের সিদ্ধান্ত হয়। বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, আজ পৃথকভাবে বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক হবে, যেখানে দেশের বর্তমান সংকট ও নির্বাচন নিয়ে আলোচনা হবে।

Post a Comment