‘জাতীয় নির্বাচনের গুরুত্বের কম নয়’ ডাকসু

 ‘জাতীয় নির্বাচনের গুরুত্বের কম নয়’ ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপিল বিভাগের চেম্বার আদালত সাময়িকভাবে স্থগিত করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার চেম্বার জজ বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। ফলে ডাকসু নির্বাচন প্রক্রিয়ায় আপাতত আর কোনো বাধা থাকল না।












হাইকোর্ট

বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, হাতে লেখা একটি আবেদন চেম্বার কোর্টে দাখিল করা হয়েছিল। শুনানির পর আদালত হাইকোর্টের আদেশ স্থগিত রাখেন এবং পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।

এর আগে সোমবার এক রিট আবেদনের শুনানিতে হাইকোর্ট ডাকসু নির্বাচন প্রক্রিয়া আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর বেঞ্চ ওই আদেশ দিয়ে মন্তব্য করেছিলেন যে, ডাকসু নির্বাচন ‘জাতীয় নির্বাচনের চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়’।

রিট আবেদনটি করা হয়েছিল সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে। শুনানিতে আদালত রিটকারী আইনজীবীকে উদ্দেশ করে বলেন, “রাজনীতি করে আপনারা ঝগড়া-মারামারি করবেন আর পরে আদালতে আসবেন—এটা চলতে পারে না। এসব বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে যান, প্রার্থিতা বাতিলসহ সব বিষয়ে তদন্ত হোক।”

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম নির্বাচন হলেও শতবর্ষে অনুষ্ঠিত হয়েছে মাত্র ৩৭ বার। স্বাধীনতার পর গত ৫৪ বছরে এ নির্বাচন হয়েছে মাত্র সাতবার।

ডাকসু নির্বাচন নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়। সর্বশেষ গত ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়। এতে বয়সসীমা তুলে দেওয়া হয়েছে এবং মানবাধিকার ও আইন সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক—এই তিনটি নতুন সম্পাদকীয় পদ যুক্ত করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post

Smartwatchs